
চট্টগ্রামের বাঁশখালীতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) পরিচয়ে অপহৃত ব্যবসায়ী মোহাম্মদ এহছান ওরফে হাসানকে (৩৬) তিন দিন পর টেকনাফ থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
আটক অন্যরা হলেন মিজানুর রহমান (২৯), জয়নাল উদ্দিন (২৮), মো. আব্বাস উদ্দিন (৩১), মো. ছলিম ওরফে সেলিম (৩০) এবং দেলোয়ার হোসেন (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত ৮টার দিকে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজার এলাকায় নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। অভিযোগ রয়েছে, অপহরণকারীদের কয়েকজনের পরনে এসআরবির পোশাক ছিল। সাবেক সেনা ও র্যাব সদস্য সুমন মুন্সিসহ অজ্ঞাতপরিচয় পাঁচ থেকে ছয়জন তাঁকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে।
পরে অপহরণকারীরা বিভিন্ন মোবাইল নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিলে তাঁকে হত্যার হুমকিও দেওয়া হয় বলে জানা গেছে।
এ ঘটনায় ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মামলা করা হয়। মামলাটির নম্বর ২৭। পরে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এহছানকে উদ্ধারের খবরে তাঁর পরিবার ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। দ্রুত তাঁকে উদ্ধার করায় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।